ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমাবদ্ধ রাখলেও এবার সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে তেহরান। সাম্প্রতিক সামরিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রয়োজন হলে দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির পথেও এগোতে পারে দেশটি। এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত কোনো প্রযুক্তিগত অক্ষমতার কারণে ছিল না। বরং এটি ছিল দেশটির নিজস্ব প্রতিরক্ষা কৌশলের অংশ। ইরানের সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, এই সীমা কোনো স্থায়ী প্রযুক্তিগত বাধা নয়। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে প্রয়োজনে তা পুনর্বিবেচনা করা সম্ভব।
২০১৭ সালের নভেম্বরে আইআরজিসির তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জাফরি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ দুই হাজার কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তাই ইরানের প্রতিরক্ষার জন্য এই পাল্লাকে যথেষ্ট মনে করা হয়েছে। পরের বছর ২০১৮ সালের ডিসেম্বরে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া বক্তব্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো চূড়ান্ত নির্দেশনা নয়। এর চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ইরানের রয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি গড়ে ওঠে ১৯৮০-এর দশকে। ইরাকের বাথিস্ট শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির উদ্যোগ নেয় তেহরান। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম।
১৯৮৩ সালে তার নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ইউনিটের যাত্রা শুরু হয়। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের পক্ষ থেকে কিরকুকের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরবর্তী সময়ে দুই হাজার কিলোমিটার পাল্লার লক্ষ্য অর্জনের পর ক্ষেপণাস্ত্রের দূরত্ব বাড়ানোর পরিবর্তে নিখুঁত লক্ষ্যভেদ, নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।
বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে বেশ কয়েকটি উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে। দুই স্তরবিশিষ্ট কঠিন জ্বালানিচালিত ‘সেজিল’ এবং ‘খোররামশাহর-৪’ বা ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার। ২০২৩ সালের জুনে উন্মোচিত খাইবার প্রায় দেড় হাজার কেজি ওজনের ভারী ওয়ারহেড বহন করতে সক্ষম। এ ছাড়া ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার এবং ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার।
তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে ২০২৬ সালের ৭ নভেম্বর। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এক প্রশ্নের জবাবে জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে এতদিন যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। এর আগে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো হুমকির দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তবে নীতিগত পরিবর্তনের ঘোষণা এলেও ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
প্রযুক্তিগতভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে উন্নত জ্বালানি, প্রপালশন, ধাতব পদার্থ, দিকনির্দেশনা ও তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তির প্রয়োজন হয়। ইরান নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরি করায় এ ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়, ইরান চাইলে মহাকাশ প্রযুক্তি কাজে লাগিয়ে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়লে মধ্যপ্রাচ্যের বাইরেও সামরিক স্থাপনাগুলো দেশটির সম্ভাব্য আঘাতের আওতায় আসতে পারে। এতে প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ও নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনতে হবে। আন্তর্জাতিক কূটনীতিতেও তেহরানের অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোই কার্যকর প্রতিরোধের নিশ্চয়তা নয়। নিখুঁত লক্ষ্য শনাক্তকরণ, গোয়েন্দা সক্ষমতা এবং অস্ত্রের নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। ফলে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল।
সূত্র: মেহের নিউজ