কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত স্পর্শকাতর ও অভ্যন্তরীণ তথ্য সরবরাহের গুরুতর অভিযোগে পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের তিন দিন পর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশাসনের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৩৯ (২) ধারা অনুযায়ী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের দিন অর্থাৎ ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।