ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে মহাসড়কে নিষিদ্ধ আ: লীগের বিক্ষোভ মিছিল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল পরিবর্তন ৩৩ হাজারের বেশি তাড়াশে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও ইয়াবাসহ ৬ জন গ্রেফতার বৈঠকে কোনো শর্ত দেয়নি এনসিপি, এটি ছিল স্বাভাবিক মতবিনিময়: মাহদী আমিন শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার তাগিদ দিলেন রাষ্ট্রপতি শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন সাভার-আশুলিয়ায় ৪৭ কারখানা বন্ধ, সংঘর্ষে আহত ৩ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে দিল্লিকে ঢাকার চিঠি বাইডেনের আমলে পাস হওয়া ব্যয় আইন অসাংবিধানিক ঘোষণা

স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার তাগিদ দিলেন রাষ্ট্রপতি


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ৫:১১ পিএম

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার সামগ্রিক মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দেশের স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার এই তাগিদ দেন তিনি।


সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। সাক্ষাৎকালে দেশের চলমান স্বাস্থ্যসেবা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যাতে সহজেই এই সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।


বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী একটি বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রদান করেন।


সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সরকার এই বছরব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে। এই কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হবে। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য এবং আধুনিক চিকিৎসাসেবা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।


স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আরও উল্লেখ করেন, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো বিগত সরকারের আমলে চরমভাবে অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ খাতের আমূল উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নসহ বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা সহজতর করতে হেলথ কার্ডসহ নানা জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।


সৌজন্য সাক্ষাতের সময় বঙ্গভবন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর