গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে দিল্লিকে ঢাকার চিঠিবাংলাদেশ ও ভারতের মধ্যে সই করা ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এই প্রেক্ষাপটে ফারাক্কায় গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ভারতীয় সমকক্ষ সি. আর. পাতিলকে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠিয়েছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলায় ভারত ও বাংলাদেশ এক জরুরি কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দীর্ঘমেয়াদি এই চুক্তি নবায়নের জন্য এখনো কোনো দেশই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি। ফলে সীমান্তবর্তী এই অভিন্ন নদীর পানিবণ্টন কাঠামোয় হঠাৎ করে কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক শূন্যতা সৃষ্টি হওয়া রোধ করতে উভয় দেশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ১৭ নভেম্বর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ভারতীয় সমকক্ষ সি. আর. পাতিলকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠান।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ঢাকার পক্ষ থেকে ফারাক্কায় গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের ইস্যুতে দ্রুত আলোচনা শুরুর জোর অনুরোধ জানানো হয়েছে। ঢাকা নয়াদিল্লিকে জানিয়েছে যে, তারা ইতোমধ্যেই আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। চিঠিতে মন্ত্রী এ্যানি ভারতকেও তাদের আলোচক দলের সদস্যদের তালিকা জানানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ উল্লেখ করেছে যে তারা তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নির্ধারিত সময়সীমা ১২ ডিসেম্বরের বেশ আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে আশা করছে। এদিকে ঢাকায় রোববার থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হয়েছে।
তবে ওই বৈঠকে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে কিংবা নতুন চুক্তির বিষয়ে কোনো আলাপ হচ্ছে না বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এই বৈঠকে শুধুমাত্র প্রচলিত চুক্তি অনুযায়ী পানি বণ্টনের যে নিয়মিত পদক্ষেপ নেওয়ার কথা, সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির জানান, গঙ্গা পানি বণ্টন চুক্তি ১৯৯৬ বাস্তবায়ন সংক্রান্ত ভারত-বাংলাদেশ যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকটি রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে ২০২৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে। যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন মো. আনোয়ার কাদির, যিনি যৌথ নদী কমিশন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে যৌথ কমিটির ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন শ্রী শরদ চন্দ্র। তিনি ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের পানি সম্পদ অধিদপ্তরের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য।