ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় ৪৭ কারখানা বন্ধ, সংঘর্ষে আহত ৩


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৫ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবারের এই ঘটনায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ২৫টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে কাজ বন্ধ রাখেন, আবার কোথাও পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের জেরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন কারখানায়। এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় নিউ এইজ গ্রুপের কারখানার সামনে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজিএমইএর তথ্যমতে, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সকাল আটটার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে এসে কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয় এবং উত্তেজিত শ্রমিকদের একাংশ বাসটির কাচ ভাঙচুর করেন। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে আতঙ্কে দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে সিরাতুব নামের এক নারী শ্রমিক মাথায় এবং রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয় এবং তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

শ্রমিকদের ভাষ্য, নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাদের অনিশ্চয়তা কাটেনি। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে তারা মনে করেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুই-একটি জায়গায় শ্রমিকেরা ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর