ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। ধ্বংস হয়ে যাওয়া কারখানাটি থেকে ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে পুলিশ। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


গত ২১ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। ভয়াবহ এই আগুনে কারখানাটির বড় অংশ পুড়ে গেছে এবং পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিখোঁজ কর্মীদের সন্ধানে সোমবার (২৩ নভেম্বর) সকালে আবার উদ্ধার অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এর আগে রোববার রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির কারখানায় আগুন লাগার সময় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া। দুর্ঘটনার পরপরই কারখানার ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করা হয়।


কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই তলায় ৬৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ এবং চারজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাকি আটজনের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এই জটিলতার কারণে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্তকরণের এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে। এই কারণে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল, তবে ধ্বংসস্তূপ থেকে ব্যাগ সরানোর পর মৃতের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


কী কারণে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে পুড়ে যাওয়া ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ার ঝুঁকি থাকায় উদ্ধার অভিযানেও চরম সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করে এবং প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন।


সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর