গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী পুলিশের হাতে আটক হয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীও ছিলেন।
পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে যান তানিয়া আক্তার তাপসী। কমপ্লেক্স ও মার্কেটের সামনে পৌঁছালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ সেখানে উপস্থিত থাকা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। একপর্যায়ে তারা তাকে আটক করেন এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতে হকিস্টিক নিয়ে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তাপসী। সেই ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম হয়। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রবিবার সন্ধ্যায় চাকরির ইন্টারভিউ দিতে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে এ বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।