ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধের ছায়ায় ফেনীর প্রবাসযাত্রা কমছে, বাড়ছে উদ্বেগ


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৫৪ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের অনিশ্চয়তা এবার সরাসরি নাড়া দিয়েছে দেশের শীর্ষ রেমিট্যান্স পাঠানো জেলাগুলোর অন্যতম ফেনীতে। প্রবাসীদের পাঠানো অর্থেই যেখানে অসংখ্য পরিবারের সংসার ও সচ্ছলতার স্বপ্ন টিকে আছে, সেখানে বিদেশগামী কর্মীর সংখ্যা কমতে থাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একদিকে বিদেশযাত্রার গতি শ্লথ হয়েছে, অন্যদিকে চাকরি ও আকামা নিয়ে অনিশ্চয়তায় দেশে ফিরে আসা প্রবাসীদের অনেকেই নতুন করে জীবিকার পথ খুঁজছেন।


জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ফেনী থেকে কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গিয়েছিলেন ৮৪১ জন। কিন্তু অক্টোবরে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৬৮ জনে; অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে বিদেশগামী কর্মী কমেছে ৭৩ জন। কার্যালয়টির হিসাব বলছে, ২০০৫ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ফেনী থেকে বিদেশে গেছেন ৩ লাখ ৫৭ হাজার ৭৯৭ জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গেছেন ৯ হাজার ৭৯৫ জন। এর আগে ২০২৫ সালে ১৫ হাজার ৩৭১ জন, ২০২৪ সালে ১৫ হাজার ৪০০ জন এবং ২০২৩ সালে ২২ হাজার ৮১৫ জন বিদেশে গিয়েছিলেন। গত বছরের তুলনায় চলতি বছরের মাসিক গড় বিদেশযাত্রা প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ কমেছে।


মধ্যপ্রাচ্য ফেরত একাধিক প্রবাসী জানান, যুদ্ধের প্রভাবে কর্মসংস্থান ও বেতন-ভাতা নিয়ে সংকট তৈরি হওয়ায় অনেকেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সৌদি আরব ফেরত নুর নবী জানান, প্রায় ১৮ বছর প্রবাসে কাজ করার পর তিন মাস আগে কোম্পানি তাকে দেশে ফেরত পাঠিয়েছে; বর্তমানে তিনি ফেনী শহরে ব্যবসা শুরু করেছেন। বেতন না পাওয়ায় গত মে মাসে কুয়েত থেকে ফেরত আসা আফজলের রহমান স্থানীয়ভাবে একটি দোকান নিয়ে নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি সৌদি আরব থেকে হঠাৎ ফেরত আসা মো. কামাল উদ্দিন সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।


জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. দিদার মিয়া বলেন, ফেনীর প্রবাসীদের বড় অংশ কাতার, কুয়েত ও সৌদি আরবে থাকেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রবাসে যাওয়ার হার কমেছে এবং ওমানে ভিসা বন্ধ থাকাও একটি কারণ। তবে মৌসুমি হিসেবে নভেম্বর-ডিসেম্বরে যাত্রা কিছুটা কমলেও মার্চে বাড়ে বলে জানান তিনি। প্রতারণার শিকার ও অসুস্থ প্রবাসীদের পরামর্শ এবং সহায়তার পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের সমস্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ নিষ্পত্তি সেল গঠনের কথাও জানান তিনি। ফেনী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অসুস্থ ও নিহত প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষাবৃত্তি এবং নির্বাচিত ৩০০ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।


অর্থনীতিবিদ ও ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদেশগমন ও রেমিট্যান্স কমলে পারিবারিক আয় ও জীবনযাত্রার মানে প্রভাব পড়বে, বাড়তে পারে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা। দেশে ফেরা কর্মীদের কর্মসংস্থান না হলে বেকারত্ব থেকে অপরাধপ্রবণতা বাড়ার ঝুঁকিও দেখছেন তিনি। এজন্য মধ্যপ্রাচ্যনির্ভরতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের ওপর জোর দেন এই অর্থনীতিবিদ।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা, আকামা ও চুক্তি নবায়ন ঝুঁকিতে পড়েছে। কূটনৈতিক তৎপরতা জোরদার, বিকল্প শ্রমবাজার অনুসন্ধান এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অবস্থান কাজে লাগিয়ে যুদ্ধবিরতি ও সংলাপের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর