দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য ও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় জনগণ ও সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নাহিদ ইসলাম বলেন, ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে এবং একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, তাদের বর্তমান লড়াই আর কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
নিজের বক্তব্যে ৫ আগস্টের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে তারা ৫ আগস্টেই পরাজিত করেছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ অস্থিতিশীল করার পেছনে ভারতের তৎপরতা কাজ করছে বলে তারা মনে করেন। বাংলাদেশে যা কিছু ঘটছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নতুন চুক্তির আলোচনার সময়ে ভারতকে যেন কঠোর বার্তা দেওয়া হয় এবং বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।
বৈঠকে উত্থাপিত অন্যান্য দাবির বিষয়ে নাহিদ ইসলাম জানান, তারা শেখ হাসিনার রায় কার্যকর করার কথা বলেছেন। পাশাপাশি ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের রায় যেভাবে এসেছে, সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করার ওপর জোর দিয়েছেন এনসিপি নেতারা। তাদের মতে, জুলাইয়ের গণআন্দোলনের স্পিরিট ও দাবিগুলো বাস্তবায়ন করা না গেলে সামগ্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই মাসে তারা যে লড়াই করেছিলেন, সেই লড়াই এখনো চালিয়ে যেতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জুলাই ভিকটিমরা যাতে ন্যায়বিচার পান এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, সরকার যে ঐক্যের কথা বলছে, সেই ঐক্য সুদৃঢ় করতে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের পক্ষ থেকে যেসব সুপারিশ রয়েছে, বৈঠকে তারা সেগুলো তুলে ধরেছেন।