স্টাফ রিপোর্টার
দেশের চলমান রাজনৈতিক সংকট ও নাশকতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আজ সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপে বসছেন সরকারপ্রধান। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই বৈঠক ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, বিশেষ করে সংলাপে এনসিপির পক্ষ থেকে কী ধরনের শর্ত ও প্রস্তাব তুলে ধরা হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।
নাহিদ ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় সরকারপ্রধান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সংলাপের সূচি নির্ধারণ করেন।
যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল রোববার বিকেলে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে জাতীয় ঐক্যের বিষয়ে নিজেদের দলীয় অবস্থান ও শর্তগুলো স্পষ্ট করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে এখন একটি সংকটকাল চলছে।
সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানিয়েছেন, তখন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে এনসিপি অবশ্যই সেই সংলাপে সাড়া দেবে। তিনি জানান, বৈঠকে তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করার পরিকল্পনা করছেন। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে এনসিপির পক্ষ থেকে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের দাবি জানানো হবে বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক। তিনি বলেন, অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য আগে ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে।
সংলাপে এনসিপির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। নাহিদ ইসলামের মতে, এই পদক্ষেপ নিলেই কেবল জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। অন্যথায়, কেবল ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এ ছাড়া গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার মতো মৌলিক বিষয়গুলোতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চাইবে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির সঙ্গে আজকের এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী দিনে দেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্যের ভবিষ্যৎ রূপরেখা। এনসিপির পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই অভ্যুত্থানের অন্যান্য অংশীদার দলের সঙ্গেও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।