ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাইব্যুনাল ও সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ নিষিদ্ধের পথ খুঁজছেন বিশ্লেষকরা


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৭ এএম

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে কি সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে—তা নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল মিলে সংবিধান সংশোধন করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংশোধন ছাড়াই প্রচলিত সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার সুযোগ রয়েছে।


সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন এ বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন। তিনি বলেন, সংবিধানে কখনও বলা থাকবে না যে নির্দিষ্ট এই পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে; বরং আইনের সেই ক্ষমতা রয়েছে। আইনের মাধ্যমেই একটি সংগঠনকে নিষিদ্ধ করা যেতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইতোমধ্যে দেখা গেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেই আইনি কাঠামোর মধ্যেই পুরোপুরি নিষিদ্ধ করার পথ খোলা রয়েছে।


অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভিন্ন একটি আইনি দিক তুলে ধরেছেন। তার মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করা যাবে এবং একই সঙ্গে দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে। এতে অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।


আইনি প্রক্রিয়ার বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, এই মুহূর্তে নতুন আইন প্রণয়ন করলে নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে। তার চেয়ে অনেক বেশি কার্যকর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে সেখান থেকে অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা। এরপর তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তার মতে, এটিই সবচেয়ে বাস্তবসম্মত পথ, যার ফলে আইনি, রাজনৈতিক বা অন্য কোনোভাবে একে চ্যালেঞ্জ করার সুযোগ তুলনামূলকভাবে কম থাকবে।


সংবিধানের ৩৮তম অনুচ্ছেদ অনুযায়ী দেশের নাগরিকদের সংগঠন করার মৌলিক অধিকার রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলটির কর্মী-সমর্থকদের সেই সাংবিধানিক অধিকার খর্ব হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানান, কোনো সংগঠন যদি সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম চালায়, তবে তাদের ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য হবে না। রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনি বিধিনিষেধ কার্যকর হয়।


তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে দল হিসেবে রাজনীতি করার যে অধিকার দেওয়া হয়েছে, তা শর্তযুক্ত। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি না করেই রাজনৈতিক দল গঠন ও কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু বর্তমান বাস্তবতায় তারা সেই জায়গাতেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছেন বলে তিনি মন্তব্য করেন।


সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলনও একই সুরে কথা বলেন। তিনি জানান, সুস্পষ্ট করে বাংলাদেশের সংবিধানেই উল্লেখ রয়েছে যে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিযুক্ত বিধিনিষেধের সাপেক্ষে সংগঠন করার স্বাধীনতা বজায় থাকবে। ফলে সহিংস ও বেআইনি কর্মকাণ্ডে জড়ালে সংবিধানের প্রদত্ত সুযোগের সীমা নির্ধারিত হয়ে যায়।


আইনি ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিলের আইনের মাধ্যমে জার্মানির নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা হয়েছিল। পাশাপাশি ইতালিতে সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তী বিধানে ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনের এসব নজিরও রাজনৈতিক চরমপন্থা ও সহিংসতা দমনে আইনি পদক্ষেপের গুরুত্বকে সামনে নিয়ে আসে।


এ সম্পর্কিত আরো খবর