ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২১ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার জেরে দায়ের হওয়া আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও মর্যাদা নিয়ে এমন মন্তব্যের পর ট্রাইব্যুনালের তলবে তার এই হাজিরাকে ঘিরে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আজকের শুনানিতে তিনি নিজের বক্তব্যের বিষয়ে কী ব্যাখ্যা উপস্থাপন করেন, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরবেন।


এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছিলেন ট্রাইব্যুনাল-১। ওই আদেশে একই সঙ্গে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য গত ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া নিয়ে এমন মন্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে কি না, তা খতিয়ে দেখতেই ট্রাইব্যুনাল এই পদক্ষেপ নিয়েছিলেন।


তবে নির্ধারিত সেই দিনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। সেদিন তাঁর আইনজীবীর পক্ষ থেকে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আরও সময়ের আবেদন করা হয়। আইনজীবীর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনায় নিয়ে আজ ২৩ নভেম্বর নতুন দিন নির্ধারণ করেন।


মামলার সূত্র অনুযায়ী, আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। বক্তব্যের একপর্যায়ে তিনি দাবি করেন যে, ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।


এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং স্বপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন। আজকের নির্ধারিত শুনানিতে তাঁর দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর