ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ১২:৪৪ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সূচি বিভ্রাট অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় আগে থেকেই ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে রেখেছিল, তাদের জন্য এই আদেশ বড় স্বস্তির খবর হিসেবে এসেছে।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। অন্যদিকে, রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা। উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর সর্বোচ্চ আদালত হাইকোর্টের স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করেন।


এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয় যে, নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন না করা হলে একাডেমিক ক্যালেন্ডার ও পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।


গত ১৭ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এই নির্দেশনা দিয়েছিলেন। আদালত সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।


হাইকোর্টের ওই আদেশে একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল।


রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। হাইকোর্ট ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করার আদেশ দিয়েছিলেন।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী, যার ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এরই মধ্যে সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করেছে ইউজিসি। ওই সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয় এবং একইসঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষার কথা জানায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। আপিল বিভাগের আজকের আদেশের ফলে সেই ভর্তি পরীক্ষা আয়োজনের পথ পুনরায় প্রশস্ত হলো।


এ সম্পর্কিত আরো খবর