রাজধানীতে গণপরিবহনে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক নারী শিক্ষার্থীর সঙ্গে চরম দুর্ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক হেলপারের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বাগ্বিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েন কলেজের শিক্ষার্থীরা এবং এর প্রতিবাদে পরিবহনটির ১০টি বাস আটক করেন। শনিবার সকালে কলেজের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে, যা নিয়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন কলেজের একদল শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অত্যন্ত অপমানজনক আচরণ করা হয় এবং তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা একত্রিত হয়ে নীলাচল পরিবহনের বাসগুলো আটক করেন।
বাসের হেলপার কর্তৃক হেনস্তার শিকার হওয়া ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) শিক্ষার্থী ফাল্গুনীর সঙ্গে ওই বাসের হেলপারের কথা-কাটাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে হেলপার বলেন, ‘এখন আপনি বাস থেকে নেমে যান।’ এ ছাড়া ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও চরম হুমকিসূচক মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হাফ ভাড়া দিয়ে আসছেন এবং নীলাচল পরিবহনের বাসেও পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পরিচয়পত্র দেখানোর পরও এক নারী শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করে হেলপার বলেন, ‘বাস থেকে তুই নামবি, অথবা তোর বাপ নামবে।’ একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে থাকলেও এখনো তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আলিফা রামী আরও বলেন, শিক্ষার্থীদের দাবি হলো বাস মালিক কর্তৃপক্ষ লিখিতভাবে নিশ্চয়তা দেবে যে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি, মৌমিতাসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেও একই দাবি জানিয়ে তিনি বলেন, গত বছর মৌমিতা পরিবহনেও একই ধরনের ঘটনা ঘটেছিল এবং গণপরিবহনে নারীদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার দ্রুত বন্ধ হওয়া উচিত।
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েদের সঙ্গে প্রায়ই এ ধরনের আচরণ করা হয় এবং অনেকে লজ্জা ও ভয়ের কারণে প্রতিবাদ করতে না পারায় বাসের কর্মীরা এমন আচরণের সুযোগ পান। ভবিষ্যতে যাতে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ না হয়, তা নিশ্চিত করতেই বাসগুলো আটকানো হয়েছে। তিনি জানান, এই ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন এবং তাঁদের উপস্থিতিতে বাস মালিকদের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হবে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। বিষয়টি শুনতে ও পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।