চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা। ঠিক একই সময়ে তাঁর সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনের পথ সরেজমিনে পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যাওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সীমান্তের ওপারে এমন রাজনৈতিক তৎপরতা ও বিক্ষোভ-সমাবেশের খবরে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও আশপাশের সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীটির সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকেই যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকাগুলোতে বিজিবির বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। নিয়মিত টহল ও মহড়া জোরদার করার পাশাপাশি সীমান্তের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিন বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিজে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা সীমান্তের শূন্যরেখা ও চেকপোস্টের নিরাপত্তা চৌকিগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মূলত ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা এবং মুখপত্র পোস্টসহ দেশটির বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই বেনাপোল সীমান্ত ঘিরে নতুন করে আলোচনা ও কৌতূহল শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের এসব খবরের পরপরই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রুট বা প্রবেশপথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন—দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা ঠিক বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। ওই সূত্রের দাবি অনুযায়ী, সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক সীমান্ত চেকপোস্টের কথাও আলোচনায় রয়েছে। সবকটি সীমান্ত পথের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনার পরই চূড়ান্ত প্রবেশপথ নির্ধারণ করা হবে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্যদিকে, একই দিন ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পেট্রাপোলের ওই সমাবেশে অংশ নেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়াও প্রায় একই সুরে বক্তব্য দেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
পেট্রাপোল সীমান্তে ভারতীয় সংগঠনগুলোর বিক্ষোভ-সমাবেশ এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরার প্রকাশ্য আহ্বানকে ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রোববার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে ওই সমাবেশ শেষ হওয়ার পরপরই বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ও নিরাপত্তা বলয় আরও দৃশ্যমান হয়ে ওঠে। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট, স্থলবন্দর এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিজিবির সশস্ত্র টহল দলকে বাড়তি তৎপরতা চালাতে দেখা যায়।
সীমান্তের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা করা এবং কোনোভাবেই যাতে অবৈধ পথে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত বা অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের সব গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।
বর্তমানে বেনাপোল সীমান্ত এলাকায় যাত্রী পারাপার ও স্বাভাবিক কার্যক্রম চালু থাকলেও নিরাপত্তার স্বার্থে প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তের ওপারে ঘটে যাওয়া রাজনৈতিক কর্মসূচির কোনো প্রভাব যেন বাংলাদেশের অভ্যন্তরে বা সীমান্ত এলাকায় না পড়ে, সে বিষয়ে প্রশাসন ও বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।