ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির আবাসিক ক্যাম্পের প্রাথমিক বাছাইয়ে ডাক পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ ফুটবল একাডেমীর বিভিন্ন বয়সভিত্তিক ২১ জন ফুটবলার। শনিবার (২১ নভেম্বর) নির্বাচিত খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। ট্রায়ালের মাধ্যমে প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে এই ২১ জনকে চূড়ান্ত করা হয় এবং ঢাকায় পরবর্তী ধাপের ট্রায়ালের পর চূড়ান্ত বাছাইকৃতরা জানুয়ারিতে আবাসিক ক্যাম্পে যোগ দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত ওয়ান স্টার গোয়ালন্দ ফুটবল একাডেমীর এসব ফুটবলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির আবাসিক ক্যাম্পের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। গত ১৪ নভেম্বর গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে দিনব্যাপী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা পৌরসভা এবং চারটি ইউনিয়নের শতাধিক খেলোয়াড় অংশ নেন।
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার মো. জিল্লুর রহমান রিপন সশরীরে উপস্থিত থেকে ট্রায়াল পরিচালনা করেন। নির্বাচিত ২১ ফুটবলার হলেন শারুক (গোলকিপার), শান্ত, রেদোয়ান, রুমান, রাশেদুল, রিধি, রিফাত, সিহাব (গোলকিপার), নোমান, রাসেল, প্রান্ত, মেহেদী, জিসান, সিয়াম, সোয়েব, আইয়ুব, শাকিব, মারুফ, আসাদুল, ইমরান ও সাগর।
শনিবার (২১ নভেম্বর) ইভেন্ট ম্যানেজার মো. জিল্লুর রহমান রিপন মুঠোফোনে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনকে নির্বাচিত খেলোয়াড়দের তালিকা জানান। তিনি আরও জানান, আরও পাঁচটি জেলায় একই ধরনের বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং সেখান থেকে মোট ২২০ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বাছাইকৃতদের নিয়ে ঢাকায় পরবর্তী ট্রায়াল অনুষ্ঠিত হবে, যেখান থেকে ৫০ জন খেলোয়াড় আগামী জানুয়ারি মাসে রহমতগঞ্জ ক্লাবে চার মাস বিনামূল্যে আবাসিক ক্যাম্প করার সুযোগ পাবেন। ক্যাম্পে থাকা খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী, খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেবে ক্লাব কর্তৃপক্ষ।
গত ১৪ নভেম্বরের বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য এবং সহকারী কোচ মো. এরশাদ মন্ডল।
এ বিষয়ে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দেশের প্রথম সারির অন্যতম ক্লাব এবং এমন একটি প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যেকোনো ফুটবলারের জন্যই বড় প্রাপ্তি। তাঁর মতে, নির্বাচিত ফুটবলাররা এই সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে তারকা খেলোয়াড় হয়ে গোয়ালন্দের সুনাম বয়ে আনবে। পাশাপাশি তিনি নির্বাচিতদের অভিনন্দন এবং যারা সুযোগ পাননি তাদের প্রতি শুভকামনা জানান।