ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের আসন, বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক, হেলপার ও যাত্রীদের তাৎক্ষণিক সতর্কতায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে যাত্রী নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থাতেই বাসটির পেছনের অংশে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে বিষয়টি চালক ও হেলপারের নজরে আসে। পরিস্থিতি বেগতিক দেখে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন এবং ভেতরে থাকা যাত্রীদের নিয়ে তড়িঘড়ি করে নেমে নিরাপদ স্থানে সরে যান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে মহাসড়কে বড় ধরনের কোনো বিপর্যয় এড়ানো গেছে। তবে আগুন নেভানোর আগেই বাসটির অভ্যন্তরীণ কাঠামো, আসন ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর বাসচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চালক জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে দুজন যাত্রী ছিলেন এবং তারা নিরাপদে নেমে যাওয়ার পরপরই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।