২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার স্বার্থে সংশ্লিষ্ট মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের প্রতি এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে।
এনসিটিবির চিঠিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ কার্যক্রম বর্তমানে জোরেশোরে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব বলে চিঠিতে তুলে ধরা হয়েছে।
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং প্রেসগুলোতে পর্যাপ্ত সক্ষমতা ও সময় বজায় থাকে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, পাঠ্যবই ছাপার মৌসুমে সহায়ক বইয়ের কাজ বন্ধ রাখার এই সিদ্ধান্ত সময়মতো নতুন বই বিতরণের কাজকে গতিশীল করবে। নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান নোট-গাইড বা সহায়ক বই ছাপানোর কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।