দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
হেলথ বুলেটিনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব ও উপসর্গজনিত জটিলতা মোকাবিলায় দ্রুত রোগী শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ বয়সীদের ক্ষেত্রে জ্বর ও র্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।