দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে চলতি বছরে হামে ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিতে এসেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৯ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, সিলেট বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ১১৬ জন এবং রংপুর বিভাগে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৬৬ জন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।