মো: বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমতে শুরু করেছে। সামান্য বৃষ্টিতেই নগরীর বেশ কিছু এলাকায় সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চলাচলে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
গত দুই দিন ধরে অব্যাহত বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমে পথচারী, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ভোগান্তি বাড়ছে।
নগরবাসীর অভিযোগ, কুমিল্লা শহরের অনেক সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অপরিকল্পিত এবং অপর্যাপ্ত। ফলে অল্প বৃষ্টিতেই পানি নিষ্কাশন ব্যাহত হয়ে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা বৃষ্টি অব্যাহত থাকলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা, ড্রেন পরিষ্কার করা এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কুমিল্লা নগরীর সড়ক যোগাযোগ ও জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।