ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৯ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত রফিকুল ইসলাম ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।


দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম, দশালিয়া গ্রামের হৃদয় মিয়া, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া ও তাঁর শিশুপুত্র আলভি, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগদা ইউনিয়নের মোস্তফার ছেলে ইমন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম।


স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবি মিয়া জানান, পিকআপ ভ্যানটির বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা কমাতে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তাঁরা।


নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর