গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত ভালো দেখছেন এবং আগামীতেও ভালো থাকবে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে আইজিপি বলেন, আগামীতে তাঁদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কঠোর অবস্থানে যাওয়া না লাগে, সেভাবেই যেন তাঁরা থাকেন। এ ছাড়া ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লাগাতার কর্মসূচি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে এমন অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা হয়েছে এবং এর শেষ পরিণতি কী হয় তা সবাই জানেন। তিনি আরও বলেন, তাঁরা শান্তির পক্ষের লোক এবং শান্তি চান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, থানাগুলো জনগণের জন্যই তৈরি করা হয়েছে। জনগণের থানা নিজেরা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, দেশে আইন মান্যকারী নাগরিক যদি না থাকে এবং জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে, তবে সীমিত জনবল দিয়ে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয়। উদাহরণ দিয়ে তিনি জানান, কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে পুলিশ সদস্য থাকেন মাত্র ২০ জন; সেখানে জনগণের মানসিক সহায়তা বা সার্বিক সমর্থন না থাকলে পুলিশ কাজ করতে পারে না। জনগণ যদি মনে করেন পুলিশের প্রয়োজন নেই, তবে তাঁরা নিজেরাই আইনশৃঙ্খলা বজায় রাখুন বলেও মন্তব্য করেন তিনি।
থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি জানান, জনগণ চাইলে সরকার অবশ্যই সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি আগামীতে আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইন এবং সংবিধান অনুযায়ী যা যা প্রয়োজন, সবই করা হবে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। সেখানে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির জেলা পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এবং জুমার নামাজ শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধানরা এক যৌথ বৈঠকে মিলিত হন।