ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে গত চার দিনে তিনবার হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) তৃতীয় দফা হামলার পর কিয়েভের বিরুদ্ধে ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের সম্মেলনে যোগ দিতে গত বুধবার চীনের শেনঝেন শহরে সফরে যান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে ক্রিমিয়া সেতুতে তৃতীয়বারের মতো হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এই হামলার ফলে সেতুটিতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এই হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত ছিল।


অবশ্য ক্রিমিয়া সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সেদিন বিকেলের মধ্যেই সেতুতে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।


চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। এ সময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তিনি সম্প্রতি রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলকে সমুদ্রপথ বা জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার নির্দেশ দিয়েছিলেন।


তবে হামলার পর অবস্থান পরিবর্তনের কথা জানিয়ে পুতিন বলেন, ক্রিমিয়া সেতুতে হামলার পর তাঁরা আর কোনো আলোচনা করবেন না এবং এই হামলার জবাব দেওয়া হবে। কিয়েভ প্রশাসন এই সেতুকে লক্ষ্য করে যা করেছে, রাশিয়ার জবাব তার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সেতুটির সড়ক অংশে গুরুতর ক্ষতি করেছে। তবে এটি যথাযথভাবে মেরামত করা হবে এবং প্রয়োজনে পুনঃনির্মাণও করা হবে বলে তিনি উল্লেখ করেন।


প্রসঙ্গত, ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৮ সালে ভ্লাদিমির পুতিন নিজেই উদ্বোধন করেছিলেন। এটি রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প এবং ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত।


কার্চ প্রণালীর ওপর নির্মিত এই সেতুটি একসময় ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীর জন্য রসদ ও সরবরাহের প্রধান পথ ছিল। তবে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেগুলোর মধ্য দিয়ে যাওয়া স্থলপথের ওপরই এখন রুশ সামরিক বাহিনী বেশি নির্ভরশীল।


পুতিন জোর দিয়ে দাবি করেন যে, ক্রিমিয়া সেতুটি সম্পূর্ণরূপে বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হয় এবং এর ওপর দিয়ে কোনো সামরিক সরঞ্জাম, গোলাবারুদ বা জ্বালানি পণ্য পরিবহন করা হয় না। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাগুলোকে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোর ওপর রাশিয়ার পরিচালিত হামলার পাল্টা জবাব বা প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন।


সূত্র: মস্কো টাইমস


এ সম্পর্কিত আরো খবর