ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তাঁর উদ্যোগে এ আয়োজন করা হয়।


শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এ আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের প্রথম দিনে ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়। এ ছাড়া আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা কেবল একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং সহিংসতার মাধ্যমে তারা নিজেরাই প্রকাশ করেছে যে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই; নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন সরকার তা করবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা কারাগারে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না উল্লেখ করে তিনি বলেন, মানুষ শান্তিতে বসবাস করতে চায় এবং সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।


গোপালগঞ্জের সহিংসতার ঘটনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্যমতে, এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষকে শান্তি ও অর্থনৈতিক মুক্তি দিতে যা যা করা দরকার, বিএনপি সরকার সবই করবে বলে তিনি জানান।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে সবসময় জিয়া পরিবার এগিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের জন্য দিনরাত কাজ করেন। বগুড়ার সন্তানকে নিয়ে গর্ব প্রকাশ করে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকার আহ্বান জানান তিনি।


তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাবছর খেলাধুলার সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক—এটাই সরকারের লক্ষ্য, কারণ সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।


এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে মীর শাহে আলম জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।


প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি নবসৃষ্ট মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর