অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং অন্য গণমাধ্যমের কনটেন্ট হুবহু কপি করার প্রবণতা রোধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানী ঢাকাসহ সারাদেশের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পাশাপাশি প্রকৃত ও যোগ্য অনলাইন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের ঝুলে থাকা নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার এবং একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা প্রণয়নের আশ্বাসও দিয়েছেন তিনি।
অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার তীব্র সমালোচনা করে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার মতো সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক।
জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এখন একটা অনলাইন পোর্টাল খুলে ফেলা হয় এবং অন্যান্য বহু জায়গা থেকে কপি করা হয়। সাংবাদিকতায় এটি কখনোই করা উচিত না। আমরা এইটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না। আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকব, ইতিমধ্যে ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এরকম প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।
এদিকে অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও বিভিন্ন পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই-বাছাই শেষ না হওয়ায় তাদের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অনিবন্ধিতদের মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে সম্ভবত। আমি এটা নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, সুতরাং আমি আপনাদের জানাতে পারি, যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের খুব বেশি দেরি হবে না, আশা করি দ্রুতই নিবন্ধন পেয়ে যাবেন।
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের বর্তমান অগ্রগতি জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত এটা নিয়ে কিছু কথা বলেছেন। জাতীয় সংসদেও কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ পুরোদমে চলছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, সর্বশেষ অগ্রগতি হচ্ছে আমরা বিভিন্ন রকম অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত কথা বলছি, একটি পূর্ণাঙ্গ নীতিমালা আসছে। আপনারা নিশ্চিত থাকুন এটা অবশ্যই আসবে, তবে সবকিছু গুছিয়ে আনতে আরেকটু সময় লাগবে।