গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলায় কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বা এসএপিপিও মাহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাকে অন্যত্র বদলির দাবি জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় সার, কীটনাশক ও বীজ ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ব্যক্তি।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে দাখিল করা অভিযোগপত্রে অভিযোগকারী উল্লেখ করেন, মাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুর সদর উপজেলায় কর্মরত রয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বীজ ও কীটনাশক ডিলারের সঙ্গে অংশীদারত্বে ব্যবসা পরিচালনা করছেন। এ ছাড়া সরকারি দপ্তরে বসে প্রভাব খাটিয়ে বিভিন্ন ডিলারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, ২০১৩ সালে চাকরিতে যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ২০২০ সালে পদোন্নতি পেয়ে এসএপিপিও হওয়ার পর গাজীপুর সদর উপজেলার সার, বীজ ও কীটনাশক ডিলারদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তদন্ত চলাকালে অভিযুক্ত মাহিদুল ইসলামকে গাজীপুর সদর উপজেলা থেকে অন্যত্র বদলি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।
গাজীপুরের হাড়িনাল এলাকার সারের ডিলার সারফ উদ্দিন ভূঁইয়া জানান, তিন বছর আগে তিনি অসুস্থ থাকায় নিয়মিত দোকান খুলতে না পারায় অভিযুক্ত কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম তার সারের ডিলারশিপ বাতিল করে দেন। অসুস্থতার বিষয়টি জানানোর পরও তিনি ডিলারশিপ ফেরত দেননি বলে অভিযোগ করেন সারফ উদ্দিন। তার দাবি, অন্য এক ডিলারের কাছ থেকে টাকা নিয়ে তাকে সারের লাইসেন্স দেওয়া হয়েছে এবং ডিলারশিপ বাবদ নেওয়া জামানত বা সিকিউরিটির টাকাও এখনো ফেরত দেওয়া হয়নি। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সার ও বীজের ডিলারও ওই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম। তিনি বলেন, শুধু অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সরেজমিনে এসে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন করা উচিত।