আহসান সাকিব হাসান / : 37
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন মোড় নিয়েছে বিচারিক কার্যক্রম। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার মামলার প্রধান আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের শুরুতে তিনি জানান, এ মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন এবং মামলার সমর্থনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ভিডিও প্রমাণাদি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্যগ্রহণের সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি ট্রাইব্যুনালে জমা দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। পাশাপাশি একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ অপর একটি সংবাদ প্রতিবেদনও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেন তিনি।
নিরাপত্তাজনিত কারণে এদিন জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এর আগে গত ১৯ নভেম্বর এই মামলায় ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় আসামিপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল এবং ৮ অক্টোবর তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এই মামলায় আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল উল্লেখ করা হয়েছে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও অনুরূপ ৫০টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এসব ভয়াবহ হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর প্রসিকিউশন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করলে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগই আমলে নেন।