ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪০ পিএম


বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী বিধিবদ্ধ আইনি কাঠামোয় নিয়ে আসা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশটি পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো ওই নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন গ্রহণ করা হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে এবং সেখানে রুল নিশি জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আরজি জানানো হবে।

নোটিশে নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন কিংবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে নোটিশে। এই তদন্তে অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানাতে সরকারকে অনুরোধ করা হয়েছে। নোটিশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন আইনজীবী। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টি নোটিশে স্পষ্ট করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর