চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে শেখ হাসিনার ভবিষ্যৎ এবং রিকনসিলিয়েশন বা সমঝোতার আলোচনা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যাবর্তন নয়, বরং শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। একই সঙ্গে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কোনো ধরনের রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশজুড়ে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্যের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লেখেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।
নিজের পূর্ববর্তী অবস্থানের প্রসঙ্গ টেনে রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের এই সংগঠক উল্লেখ করেন, সম্ভাব্য গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার পরিস্থিতি এড়াতে তিনি ২০২৪ সালের ২১শে আগস্ট রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে তিনিই প্রথম এ বিষয়টি সামনে এনেছিলেন। তবে বর্তমান বাস্তবতায় তিনি মনে করেন, আওয়ামী লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস মিশে আছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনা নেই।
মাহফুজ আলম সতর্ক করে বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত রাখলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের যেকোনো ক্ষতির জন্য দায়ী থাকবে আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার ওপর যে আঘাত আসছে, তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
পোস্টের শেষাংশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে লেখেন, চলমান সীমান্তপারের বা ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।