বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে এই নৌপথে হামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এবং নিজেদের তেল রপ্তানি থেকে আয় কমে যাওয়ার চাপে পড়ে কৌশলগত এই সমুদ্রপথে নিয়ন্ত্রণ ধরে রাখতে তেহরান নতুন কৌশলে হামলা আরও জোরদার করছে বলে মনে করছেন সামরিক ও জ্বালানি বিশেষজ্ঞরা।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর কাছে এই হামলাগুলোর তথ্য নথিভুক্ত করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এক মাসে এটাই ছিল সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, চলতি নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি জাহাজে হামলার ঘটনা রিপোর্ট হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক হামলার সংখ্যা। প্রকাশিত এসব তথ্যের আওতায় রয়েছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরীয় কৌশলগত অঞ্চল।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরের আগে এই অঞ্চলে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি হামলার ঘটনা রিপোর্ট করা হতো। হামলার প্রকৃত সংখ্যায় বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা উঠে এসেছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ব্যস্ততম এই আন্তর্জাতিক জলপথে একের পর এক হামলার কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনীতিতেও।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ বা সীমিত করার চেষ্টা শুরু করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপ করে। তবে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো বিকল্প কৌশল ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। কিন্তু চলমান নিরাপত্তাহীনতা ও হামলার ঝুঁকির কারণে বর্তমানে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল ২০২৫ সালের স্বাভাবিক পরিস্থিতির তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য বড় ধরনের অশনিসংকেত।
এদিকে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ইরানের জাতীয় রাজস্ব আয়ে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তেল বিক্রি থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের একচ্ছত্র প্রভাব ধরে রাখতে না পারায় তেহরানের কৌশলগত অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ওয়াশিংটনের কাছ থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক ছাড় আদায় এবং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে ইরান নতুন কৌশলে জাহাজে হামলা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন