রাস্তা পার হওয়া একটি সামান্য মোরগকে কেন্দ্র করে ঘটে যাওয়া দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো বিপাকে পড়েছেন এক নারী যাত্রী। সিঙ্গাপুরের একটি আদালত মামলাটি খারিজ করে দিয়ে বাদীকেই মামলার আইনি খরচ বাবদ ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন। অদ্ভুত এই ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ইভন চেন কিয়ানইউন তান টেং কিয়াতের চালানো একটি ব্যক্তিগত গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন। যাত্রাপথে হঠাৎ করে একটি মোরগ গাড়ির সামনে চলে এলে সেটির সঙ্গে সংঘর্ষ এড়াতে চালক জোরে ব্রেক করেন। আর হঠাৎ ব্রেক কষার কারণেই গাড়ির ভেতরে থাকা যাত্রী চেন আহত হন।
এই ঘটনার পর গাড়িচালক তান টেং কিয়াতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন ইভন চেন কিয়ানইউন। তবে মোরগটি কীভাবে রাস্তা পার হচ্ছিল, সেই বিবরণ নিয়ে দুজনের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা ছিল। চালক তানের দাবি ছিল, মোরগটি উড়ে রাস্তা পার হচ্ছিল। অন্যদিকে যাত্রী চেনের দাবি ছিল, পাখিটি আগে থেকেই রাস্তার ওপর অবস্থান করছিল।
এমনকি ওই মোরগটির পরিচয় নিয়েও বাদী ও বিবাদীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। চেন পাখিটিকে ‘জঙ্গল ফাউল’ বা বন মোরগ বলে দাবি করেন। কিন্তু গাড়িচালক সেটি সাধারণ মোরগ হিসেবে উল্লেখ করেন।
মামলার শুনানিতে জেলা বিচারক জোনাথন এনজি প্যাং আর্ন বলেন, মোরগটির রাস্তা পার হওয়ার কারণে সামনের গাড়িটি ব্রেক করতে বাধ্য হয়েছিল—এ বিষয়ে কোনো বিতর্ক নেই। সংঘর্ষ এড়াতে চালকও ব্রেক করেন, যার ফলে যাত্রী চেন আহত হন।
বিচারক আরও বলেন, চেন একজন নিরপরাধ যাত্রী হলেও এ ঘটনার জন্য চালককে দায়ী করা যায় না। ওই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চালকের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না বলে মন্তব্য করেন বিচারক।
রায়ে বিচারক উল্লেখ করেন, প্রতিটি ক্ষতি বা দুর্ঘটনার জন্য কাউকে না কাউকে দায়ী করার চেষ্টা করে না আইন। কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থাকে, যার ক্ষতি সংশ্লিষ্ট ব্যক্তিকেই মেনে নিতে হয়। রাস্তা পার হতে থাকা একটি মোরগের কারণে সৃষ্ট ঘটনাটিও তেমনই একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি বলে আদালত মনে করেন।
শেষ পর্যন্ত চালকের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ খারিজ করে দেন আদালত। একই সঙ্গে মামলার আইনি খরচ বাবদ চালক তান টেং কিয়াতকে ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয় বাদী ইভন চেন কিয়ানইউনকে। সূত্র: সিএনএ