দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ ডিসেম্বর হাওর-বাঁওরের জেলা সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি এই জেলায় গিয়েছিলেন। দুই দশকের বেশি সময় পর সরকারপ্রধান হিসেবে তার এই আগমনকে ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। সফরকালে তিনি গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা ও কান্ট্রিগেমস উপভোগ করার পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রোববার (২২ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় সুনামগঞ্জের চারজন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, কয়ছর আহমদ, নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নিয়ে সফরের সার্বিক রূপরেখা ও আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ইতোমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনুষ্ঠানস্থল সাজানো এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফর ঘিরে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। ওই দিন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা খেলাধুলার আয়োজন করা হবে, যা প্রধানমন্ত্রী সরাসরি উপভোগ করবেন। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর এই সফরকে জেলার উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের প্রিয় সুনামগঞ্জে যাচ্ছেন, যা জেলাবাসীর জন্য পরম সৌভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ অন্যতম। তাই প্রধানমন্ত্রীর এই সফর সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। সরকারপ্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।