ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা আজ, লিখিত প্রস্তাব দেবে মালিকপক্ষ


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৪৬ এএম


দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। শ্রমিকপক্ষ ইতোমধ্যে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেওয়ায় আজকের সভায় মালিকপক্ষ কী ধরনের প্রস্তাবনা নিয়ে আসে, সেদিকেই তাকিয়ে আছেন খাতসংশ্লিষ্ট সবাই।


গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে আজকের এই সভার বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।


বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী, আজকের সভায় মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। প্রথমত, গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং দ্বিতীয়ত, এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা। এ লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আজকের এই গুরুত্বপূর্ণ সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদের। পাশাপাশি মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।


উল্লেখ্য, এর আগে গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেদিন মালিকপক্ষের কাছ থেকে মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার নির্ধারিত সূচি থাকলেও সভাটি স্থগিত হয়ে যায়।


এর পূর্বে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির লিখিত প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ। তবে ওই বৈঠকে তাৎক্ষণিক কোনো পাল্টা প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। তখন বোর্ড থেকে তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।


প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তাই আজকের বৈঠকটি শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর