ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ১২টি সম্পাদকীয় পদ তারা জয় করেছেন। ১৩টি সদস্যপদের মধ্যে ১১টি পদও তাদের দখলে এসেছে। একটি পদে জয়ী হয়েছেন বামপন্থি ছাত্র সংগঠন ‘প্রতিরোধ পর্ষদ’-এর হেমা চাকমা। বাকি চারটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন। ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ জয়ী হয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, আফসানা আক্তার, রায়হান উদ্দীন, মো. মিফতাউল হোসাইন আল মারুফ, তাজিনুর রহমান, আনাস ইবনে মুনীর, হেমা চাকমা, বেলাল হোসাইন অপু, মো. রাইসুল ইসলাম, মো. শাহীনুর রহমান ও উম্মে উসওয়াতুন রাফিয়া। হেমা ও রাফিয়া ছাড়া বাকিরা সবাই ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী।
আকাশজমিন/আরআর