নড়াইল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রার্থী ঘোষণার পর তিনি প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ, আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
অন্যদিকে নড়াইল-২ আসনে এখনও প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে বিএনপি। জানা গেছে, এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
দলীয় সূত্রে জানা যায়, অবশিষ্ট আসনগুলোতে প্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
আকাশজমিন / আরআর