ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নাম লেখিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পেরে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতাকর্মীদের প্রতি।
মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যক্তিগত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সকল নেতা ও নেত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, যারা আজীবন আমার পাশে থেকেছেন।”
তিনি তার রাজনৈতিক জীবনের কিছু স্মৃতি ব্যক্ত করেছেন, যা তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাক্ষী। তিনি জানান, ১৯৮৭ সালে যখন রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন, তখন তার দুই মেয়ে ছোট ছিলেন এবং স্ত্রী প্রথমে তার সিদ্ধান্ত নিয়ে হতবাক হয়েছিলেন।
“আমার মেয়েদের স্কুলে যাওয়া, ডাক্তারের কাছে নেওয়া, বড় মেয়ের অপারেশন হওয়ার সময় আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে। অপারেশনের সময় আমি মসজিদে দোয়া করছিলাম,”— উল্লেখ করেছেন ফখরুল।
তিনি বলেন, “আমাদের মতো অনেক নেতাকর্মীর জীবনে এ ধরনের গল্প প্রচুর রয়েছে, যা অন্য দিন শোনাবো যদি আল্লাহ ইচ্ছা করেন। এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা এবার মনোনয়ন পাননি, তাদেরকে আমি বলব, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।”
ফখরুল আরও প্রার্থনা করেছেন, সবাই তার জন্য দোয়া করবেন এবং দলের সব নেতাকর্মীর জন্য দোয়া করবেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।”
স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। এবার ফখরুলের মনোনয়ন পাওয়ায় বিএনপির পক্ষ থেকে এই আসনে শক্তিশালী লড়াই আশা করা হচ্ছে। দলীয় সূত্র মতে, এই নির্বাচনের মাধ্যমে দলের তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞ নেতৃত্বের মিশ্রণ রাজনৈতিক প্রভাব বাড়াবে।
এদিকে, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে দলের অন্যান্য অনেক আসনে কড়াকড়ি ও প্রস্তুতি জোরদার হয়েছে। ভোটের আগে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে।
আকাশজমিন
/ আরআর