সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ফরিদগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার বাংলাদেশ সরকারের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগ নিশ্চিত করা হয়।
এডভোকেট ফারুক হোসেন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন। তিনি আইন শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনস্বার্থের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সহকর্মীদের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা ও নিবেদন তাঁকে একজন সম্মানিত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আইন পেশার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ ওয়াকিং ক্লাবের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন, যা দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতা এবং সুস্থ জীবনধারার প্রচারে কাজ করে যাচ্ছে। এছাড়া নিজ উপজেলায় শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
ফরিদগঞ্জ ও আশপাশের এলাকা তার এই গুরুত্বপূর্ণ নিয়োগে আনন্দ ও গর্ব অনুভব করছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো এডভোকেট ফারুক হোসেন তপাদারকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন।
আকাশজমিন / আরআর