সিরাজগঞ্জ প্রতিনিধি / : 101
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বুধবার (৫ নভেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন তাড়াশ উপজেলার হেমনগর গ্রামের মো. আব্দুল করিম (৬০), মো. শাহ আলম (৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন (৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন (৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম (৩২) ও স্বপন আলী (৩৬)। তারা সবাই একই পরিবারের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে তাড়াশ উপজেলার হেমনগর গ্রামে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ওই বছরের মধ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সঙ্গে হেমনগর গ্রামের আসামিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মামলার বাদী আশিক উল্লা গুরুতর জখম হন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সিরাজগঞ্জ ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পেশকার আশিকুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “সাজাপ্রাপ্ত আসামিদের গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তারা জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছি যাতে অন্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।”
স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধ অনেক বছর ধরে চলছিল। এ ঘটনার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আশাকরা হচ্ছে, গ্রেপ্তারের পর বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হবে।
তাড়াশ থানা পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। তারা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
আকাশজমিন / আরআর