ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা


পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:০৫ পিএম

অনলাইন রিপোর্টার

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত আলোচনা হবে ১৫ নভেম্বর। এর আগে জুমে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, তোমাদের সামগ্রিক অর্থনৈতিক দিক নিয়ে আমরা সন্তুষ্ট। যা যা করার কথা, তোমরা চেষ্টা করছ।”

তিনি আরও বলেন, “আইএমএফের কিছু সুপারিশ আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে। ট্যাক্স-জিডিপি অনুপাত কম, এর পেছনে নানা কারণ রয়েছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল, সেটিও বড় সমস্যা তৈরি করেছে। তারপরও আমরা রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছি।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফের আরেকটি পর্যবেক্ষণ হলো—সামাজিক সুরক্ষায় ব্যয় বাড়ানো দরকার, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে। খাদ্যে আমরা তুলনামূলকভাবে ভালো করছি।”

নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি বলেন, “নির্বাচনের তিন মাস বাকি আছে। আমরা এখন পর্যন্ত যা করেছি, সেটাকে কনসলিডেট করব। সংস্কার পুরোপুরি শেষ করা সম্ভব না, এটি চলমান প্রক্রিয়া। আমরা একটি ভালো প্যাকেজ তৈরি করে তা পরবর্তী সরকারের হাতে তুলে দেব। যেসব বড় সংস্কার আছে, সেগুলো আগামী সরকার বাস্তবায়ন করবে।”

অর্থ উপদেষ্টা জানান, কর কাঠামো উন্নয়নে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে, যেখানে অর্থনীতিবিদরা রয়েছেন। তারা রাজস্ব ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সুপারিশ দেবে।

পে কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “একটা পে-কমিশনের বিষয় আছে, সেটা এখন কিছু বলা যাচ্ছে না। বিষয়টি আগামী সরকারের ওপর নির্ভর করবে। আমরা প্রক্রিয়াটি শুরু করেছি, পরবর্তী সরকার চাইলে সেটি অনুমোদন দিতে পারে।”

ব্যাংক খাত প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাংকিং সেক্টর। কিছু সংস্কার শুরু হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমরা এসব বিষয় পরবর্তী সরকারের জন্য সাজিয়ে রেখে যাচ্ছি।”

আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আগেই রাজি হয়েছি, এখনই তাড়াহুড়ার প্রয়োজন নেই। আইএমএফ রিভিউ সম্পন্ন করেছে। তারা বলছে, রাজনৈতিক সরকার এসে কতটা বাস্তবায়ন করে, সেটা দেখতে হবে। ফেব্রুয়ারি নাগাদ তারা আবার রিভিউয়ে আসবে, এরপর সিদ্ধান্ত নেবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর