ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেন, পাবনা জেলার বিএনপি বর্তমানে অপশক্তির দখলে রয়েছে। আমরা শূন্য থেকে শুরু করে বিএনপিকে পুনরায় ঐক্যবদ্ধ করতে চাই। সারা ঈশ্বরদী, আটঘরিয়া এলাকার বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উঠুন যেন কেউ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে। শনিবার বিকেলে পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম সরদার বলেন, আমরা কেউ ধানের শীষের বাইরে যাবো না। যারা এক সময় নৌকায় ভোট দিয়েছেন, তারা প্রকাশ্যে কিংবা নিভৃতে ক্ষমা চাইলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করব। তিনি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও পালস্ বুঝে চূড়ান্ত মনোনয়ন দিন। আমি নিজেও মনোনয়ন প্রার্থীর একজন হিসেবে ধানের শীষের সঙ্গে থাকতে চাই।
সভায় তৃণমূল বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি আহসান হাবিব, আব্দুর রশিদ সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন, সাইদুল ইসলাম, অধ্যক্ষ আনজাম হোসেন ডন, আব্দুস সোবহান, এডভোকেট শামসুজ্জামান দোহা, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন বিশ্বাস, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবীর দুলাল সরদার, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, রঞ্জু হোসেন, আবু তালেব ফকির, বাদশা মেম্বর, ফজলু মাস্টার, কবীর আহমেদ, শ্রমিকদলের সভাপতি খন্দকার সোহেল রানা, ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস ও মহিলা দলের সভাপতি সেলিনা ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতারা হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে জানান, আওয়ামুলীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব বিএনপিতে যোগদানের পর দলকে গ্রুপিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছেন। বর্তমানে পাবনা জেলার বিএনপির অবস্থা ভয়াবহ। সব উপজেলায় বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে।
তারা বলেন, মনোনয়ন পরিবর্তন করে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারকে মনোনয়ন দিলে পাবনা-৪ আসনসহ জেলার অন্যান্য আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। বক্তাদের বাইরেও প্রায় চার হাজার প্রতিষ্ঠাতা বিএনপির সিনিয়র নেতাকর্মী মনোনয়ন পরিবর্তনের দাবিতে সায় দিয়েছেন।
আকাশজমিন / আরআর