নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম আকন্দ (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহীনুর খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আব্দুস শহীদ আকন্দের ছেলে। তিনি জেলা শহরের সাতপাই এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, শাহীনূর আলম আকন্দ ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বামনী এলাকায় হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় ঢলে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কলামাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডাঃ গোলাম মোর্শেদ মৃত ঘোষণা করেন। জানা গেছে, এক ছেলের পিতা শাহীনূর আলম আকন্দ একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। কলমাকান্দার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছেন।
আকাশজমিন / আর