নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সমতল আদিবাসী সম্মেলন-২০২৫’-এ বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশ হবে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হলে দেশের শান্তিও লঙ্ঘিত হবে। সরকারের দায়িত্ব হলো জনগণকে মাথা উঁচু করে শান্তিতে বসবাসের সুযোগ নিশ্চিত করা। যেই সরকার এ দায়িত্ব পালন করে, তাকে সু-সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে; অন্যথায় সঠিক সমালোচনা করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মালিক জনগণ এবং সরকার হলো জনগণের সেবক। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় এবং জনগণের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের সতর্কভাবে মূল্যায়ন করা যাতে তারা সেবা করতে পারে। প্রত্যেক মানুষই মানবাধিকারকর্মী হিসেবে তার অধিকার সম্পর্কে সচেতন হওয়া ও অন্যের অধিকার রক্ষায় প্রতিবাদ করতে পারে—এটাই মানবিক ও নৈতিক দায়িত্ব।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র প্রধান নির্বাহী জিন্নাত আরা হক। বিশেষ অতিথি ছিলেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। এছাড়া বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আশিক চন্দ্র বানিয়াজ ও আদিবাসী কমিউনিটি সদস্যরা।
আকাশজমিন / আরআর