গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর (রসায়ন) মোঃ সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত দীর্ঘ একঘন্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ এই বিক্ষোভ শুরু করেন।
উল্লেখ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়।
এ খবর জানার পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের শিক্ষক অনেক ভালো। তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, অভিভাবকের মতো আমাদের পাশে থাকেন।”
তারা আরো বলেন, সালাহউদ্দিন স্যার একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও নিয়মিত ক্লাস নেওয়া আদর্শ শিক্ষক। তার হঠাৎ বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়—প্রতিষ্ঠানের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এতে অসম্মতি জানান এবং মূল ফটকের গেইট তালাবদ্ধ রাখে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি অভিযোগ- অসন্তোষ দুর করে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আকাশজমিন / আরআর