কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এই সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায় এবং খামারী খোকন শেখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ও প্রাণিসম্পদের উন্নত জাত বিস্তারে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন জানান, প্রাণিসম্পদ পালনে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন জাতের গবাদি পশু ও পাখির প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, “প্রদর্শনী দেখতে এসে অনেকেই খামার স্থাপন ও উন্নত জাতের প্রাণিসম্পদ সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন। এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা নিজেদের খামারের বিভিন্ন উন্নত জাতের পশু-পাখি তুলে ধরেন। দর্শনার্থীদের প্রচুর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জমে ওঠে উৎসবমুখর পরিবেশে।
আকাশজমিন / আরআর