গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চলাঞ্চলে বিউটি প্লাস হাইব্রিড টমেটোর বাম্পার ফলন হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ফলে টমেটোর উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
স্থানীয় কৃষক ও কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, এবছর আবহাওয়া অত্যন্ত অনুকূলে থাকার পাশাপাশি কৃষি অধিদপ্তরের সঠিক পরামর্শ এবং উন্নত বীজ ব্যবহার করার কারণে ক্ষেতে ভালো ফলন হয়েছে। হাইব্রিড জাতের বিউটি প্লাস টমেটো চাষে বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। বিঘাপ্রতি ফলন হয়েছে ১০০ থেকে ১২০ মন। এছাড়াও বাজারে টমেটোর চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা যথাযথ দাম পাচ্ছেন।
কৃষক আনসার শেখ বলেন, ‘আমি মাচা পদ্ধতিতে হাইব্রিড বিউটি প্লাস টমেটো চাষ করেছি, ফলন ভালো হয়েছে এবং বাজারেও প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার আমি পাঁচ বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে টমেটো আবাদ করেছি। এতে খরচ কম ও লাভ বেশি হয়েছে।’
অন্য কৃষক পরশ শেখ ও আইয়ুব আলী জানান, ‘আমরা ছয় বিঘা জমিতে আগাম জাতের হাইব্রিড বিউটি প্লাস টমেটো চাষ করেছি। ফলন অনেক ভালো হয়েছে এবং স্থানীয় বাজারে সরবরাহ বেড়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় ১০০ থেকে ১২০ মন। পাইকারি বাজারে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আমাদের লাভবান করেছে।’
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার জানান, ‘উপজেলায় আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করে কৃষকরা লাভবান হচ্ছেন। এ বছর গোয়ালন্দে মোট ২১৬ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে।’
আকাশজমিন / আরআর