শনিবার (২৭ ডিসেম্বর) কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওসমান গনির কার্যালয় থেকে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জামায়াত নেতারা জানান, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে কটিয়াদী- পাকুন্দিয়া আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান ও শক্তিশালী হয়েছে।
এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনিসুজ্জামান খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, এখন পর্যন্ত কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মোশাররফ হোসেন নামে এক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, কিশোরগঞ্জ-২ আসনে এখন থেকে নির্বাচনী প্রতিযোগিতা তীব্র হবে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাজনৈতিক গতি-প্রকৃতি ধীরে ধীরে বেড়ে উঠছে। নির্বাচনে প্রার্থীরা জনমত আদায়ের জন্য মাঠে সক্রিয় হতে শুরু করেছেন।
কিশোরগঞ্জ-২ আসনের ভোটার সংখ্যা ও জনসংখ্যার ওপর নির্ভর করে নির্বাচনী ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।