সিরাজগঞ্জ প্রতিনিধি / : 78
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় তাড়াশ প্রেস ক্লাবের সামনে উপজেলা নাগরিক আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন দাশ, সাংবাদিক ও উন্নয়নকর্মী গোলাম মোস্তফা, মাওলানা সোয়ায়েব হোসেনসহ অনেকে।
বক্তারা জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ কার্যকর না হওয়ায় কৃষিজমিতে পুকুর খনন একটি ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। কেন আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে না এবং কেন পুকুর খনন বন্ধ করা যাচ্ছে না।
মানববন্ধনে তারা পুকুর খননে ব্যবহৃত এক্সেভেটর মেশিন (ভেক্যু) জব্দের দাবি জানান। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, যাদের জমি বেশি তারা যত্রতত্র পুকুর খনন করছেন। এতে পুকুরপাড়ের আশপাশের গরীব কৃষকদের জমি জলাবদ্ধ হয়ে অনাবাদী হয়ে যাচ্ছে।
নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মাঝে প্রায় ৬০ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। এতে শাস্তান ও সোলাপাড়ার বিস্তীর্ণ মাঠের হাজার হাজার বিঘা কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, “আইন লঙ্ঘন করে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযান জোরদার করা হয়েছে।” তিনি জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান।
কৃষকদের জমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত হয়।
আকাশজমিন / আরআর