গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার সেগুনবাগিচা এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তল, কালো রঙের একটি টয়োটা প্রাইভেট কার, মোবাইল ফোন, নগদ টাকা সহ চাজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের ইউনুচ সরদারের ছেলে মোঃ ইমরান সরদার, একই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ সিয়াম শেখ, উত্তর ভবানীপুর খোকন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ ওরফে তারেক, মেছোঘাটা গ্রামের আমির শেখের ছেলে মোঃ ফিরোজ শেখ।
রাজবাড়ী ডিবি পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড সেগুনবাগিচা এলাকা হতে ৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উপরোক্ত আলামত উদ্ধার এবং জব্দ করা হয়। এর মধ্যে আটককৃত ইমরান হোসেনের পকেট থেকে মেইড ইন ইউএসএ লেখা একটি বিদেশী পিস্তল ও সিয়াম শেখের কাছ থেকে মেইড ইন ইউএসএ লেখা আরেকটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি সহ তাদের কালো রঙের একটি টয়োটা প্রাইভেট কার এবং ৪ টি এন্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সিয়াম শেখের বিরুদ্ধে একটি মারামারি মামলা, জাহাঙ্গীর হোসেন তারেকের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ৯ টি মামলা এবং ফিরোজের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা শেষে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।