ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু


  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:৫৪ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্র ও জাতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই সময়ের মধ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ধর্মীয় কর্মসূচিতেও বিশেষ আয়োজন রাখা হয়েছে। শুক্রবার দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাকে গত ২৩ নভেম্বর এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সার্বিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মৃত্যুতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।


এ সম্পর্কিত আরো খবর